প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১০:৫৬ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫ ১১:০০ এএম
প্রতীকী ছবি
পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ১১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বুলেটিনে এসব কথা বলা হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টি আজ সন্ধা বা রাত নাগাদ ভারতের অন্ধপ্রদেশের উপকূল অতিক্রম করবে।
এদিকে অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তা ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এ ব্যাপারে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, মঙ্গলবার বিকালে প্রবল ঘূর্ণিঝড় আকারে মোন্থার অগ্রভাগ আঘাত হানবে। এটি ভারতের অন্ধপ্রদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ দেশের ৮ বিভাগের দু-এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।