প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৮:০৪ পিএম
কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা এবং তা এ অঞ্চলের মানুষের দাবি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মৎস্য উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে ক্রমাগত পলি জমে যাওয়ার ফলে হ্রদটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে পানির স্তর হ্রাস পাচ্ছে, যার কারণে উপরের স্তরে চলাচলকারী বড় আকারের মাছগুলো টিকে থাকতে পারছে না। ফলস্বরূপ, হ্রদে ছোট মাছ বৃদ্ধি পেয়েছে এবং বড় মাছের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে।
তিনি বলেন, কাপ্তাই হ্রদে দূষণের পরিমাণও দিনদিন বাড়ছে। এখানে হ্রদে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এবিষয়ের সাথে সংশ্লিষ্টদের নিয়ে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী।
এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তুষার কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ প্রমুখ।
সভার শুরুতে কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে একটি ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম।