× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবের খসড়া চূড়ান্ত হবে

দীপক দেব

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ০৯:৪৫ এএম

আজ জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবের খসড়া চূড়ান্ত হবে

রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রস্তুত করছে জাতীয় ঐকমত্য কমিশন। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাবলে জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করবে- এমন প্রস্তাব করা হবে। পাশাপাশি গণভোটের কথাও ভাবা হচ্ছে। এ ছাড়া সনদের নোট অব ডিসেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বৃহস্পতিবার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে প্রস্তাবের ড্রাফট চূড়ান্ত করা হবে। এরপর আগামীকালের মধ্যে কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। যেন কমিশনের মেয়াদ ৩১ অক্টোবরের মধ্যে সরকার আদেশ জারির কার্যক্রম সম্পন্ন করতে পারে। 

কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবের ড্রাফট চূড়ান্তের কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। গতকাল বুধবার বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের বৈঠকে সনদ বাস্তবায়নের ড্রাফট নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছিল। সনদ বাস্তবায়নের আদেশ জারির ক্ষেত্রে চূড়ান্ত ড্রাফটে ‘জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাবলে জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী এ সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করবে’ বলে বিশেষজ্ঞদের পক্ষ থেকে যে মতামত এসেছে সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের পক্ষ থেকে জুলাই সনদের ওপরে নয়, বরং আদেশের ওপর গণভোটের যে পরামর্শ উঠে এসেছিল সেটা নিয়েও ঐকমত্যে আসতে পেরেছে কমিশন। এ ক্ষেত্রে গণভোটে জুলাই সনদ ও বাস্তবায়নের আদেশ দুটোকেই রাখা হচ্ছে। কারণ একটি আরেকটির পরিপূরক। একটি আরেকটির অংশ। 

তবে গণভোটে নোট অব ডিসেন্টের বিষয়ে কী করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন। এর আগে বিশেষজ্ঞদের কেউ কেউ মত দিয়েছেন- ভিন্নমতসহ গণভোট সম্ভব না। ভিন্নমত রেখে সংস্কার এগিয়ে নেওয়াও অসম্ভব। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদে সংস্কারের ৮৪টি সিদ্ধান্তের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনসহ ৯টি মৌলিক সংস্কারে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। দলটি জানিয়েছে- সংস্কারের যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, ক্ষমতায় গেলে তারা সেগুলো বাস্তবায়ন করবে না। দলটি সনদে স্বাক্ষরের জন্যও নোট অব ডিসেন্ট রাখার শর্ত জুড়ে দিয়েছিল। এই অবস্থায় নোট অব ডিসেন্টের বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে বৈঠকে। যদিও আলাপ-আলোচনা হলেও বিষয়টি নিয়ে গতকাল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। এজন্য আজ ফের বিশেষজ্ঞদের সঙ্গে বসবে। সেখানে আলোচনার মধ্য দিয়ে আদেশের তথা প্রস্তাবের ড্রাফট চূড়ান্ত করা হবে। এরপর আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ ও গণভোটের সময় নিয়ে দলগুলোর মতপার্থক্যের কারণে বিশেষজ্ঞদের পরামর্শ নেয় কমিশন। রবি ও সোমবারের পর গতকাল বুধবার ফের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। এসব পরামর্শ ও মতামতের ওপর ভিত্তি করে কমিশন একটি সুপারিশ তৈরি করছে। যেখানে জুলাই সনদ নিয়ে বিশেষ আদেশ জারি এবং এর বৈধতা নিতে গণভোট আয়োজনের কথা থাকবে। আদেশটির নাম হতে পারে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’। এ ছাড়া থাকতে পারে পরবর্তী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দিয়ে সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সংবিধানে যুক্ত করা। আদেশ জারি ছাড়া গণভোট আয়োজনের আইনি পথ নেইÑ এজন্য কমিশনের পক্ষ থেকে সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হবে। 

নাম প্রকাশ না করার শর্তে কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশন শুরু থেকেই সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছে, এখনও সেটা অব্যাহত আছে। তবে দলগুলোর মতের অমিল, বিশেষ করে ছাড় না দেওয়ার মানসিকতার কারণে কমিশন যে প্রস্তাবই করুক না কেন একটি পক্ষের সেটা পুরোপুরি পছন্দ হতে নাও পারে। এটাকে পুঁজি করে কেউ যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে এজন্য সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান করা হবে। 

এদিকে কমিশনের পক্ষ থেকে গতকালের বৈঠক প্রসঙ্গে জানানো হয়- জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। বিশেষজ্ঞদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া ভার্চুয়ালি অংশ নেন। 

সভায় সনদ বাস্তবায়নের বিভিন্ন সুপারিশ নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ নিয়েও সুদীর্ঘ আলোচনা হয়। এসব বিষয়ে কমিশন আজ সকালে নিজেদের মধ্যে বৈঠক করে, আবারও দুপুর ২টায় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে। 

গতকালের আলোচনায় ঐকমত্য কমিশনের পক্ষে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ ছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা