× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোফায়েল আহমেদের ৮৩তম জন্মদিন আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক মাস ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বঙ্গবন্ধুর স্নেহধন্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের ৮৩তম জন্মদিন আজ বুধবার। ১৯৪৩ সালের ২২ অক্টোবর তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। কয়েক বছর ধরেই তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। বাঁ হাত ও পা অবশ হয়ে পড়ায় তিনি চলাফেরায় অক্ষম হয়ে পড়েন।

গতকাল মঙ্গলবার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগের তুলনায় একটু ভালো আছেন তিনি (তোফায়েল আহমেদ)। অবস্থার খুব বেশি যে উন্নতি হয়েছে তা নয়; তুলনামূলকভাবে বেশ উন্নতি হয়েছে। তিনি লাইফ সাপোর্টে ছিলেন, তা খুলে নেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

আবুল খায়ের জানান, তার লাইফ সাপোর্ট থাকাকালীন গত ১৬ অক্টোবর বর্ষীয়ান রাজনীতিবিদের ৬১তম বিবাহবার্ষিকী গেছে। এদিন তোফায়েল আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা আহমেদের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তাদের কন্যা ডা. মুন্নি ও পরিবারের সদস্যরা। এ উপলক্ষে তার মেয়ে ডা. মুন্নি ফেসবুকে লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালা যেন তোমাদের এই পবিত্র বন্ধনকে আরও দীর্ঘ করেন। আব্বু, তুমি হাসপাতালে আর আম্মু বাসায়। কিন্তু এত কঠিন সময়েও তোমাদের এই বন্ধন অটুট আছে। আলহামদুলিল্লাহ, আজ তোমরা তোমাদের বৈবাহিক জীবনের ৬১ বছর পার করেছ। তোমরা আমাকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছ। আমি যেন সন্তানের দায়িত্ব পালন করতে এতটুকু পিছপা না হই। যেন নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে তোমাদের সেবা দিতে পারি। আল্লাহ রাব্বুল আ’লামীন, আপনি আমার বাবাকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

তোফায়েল আহমেদ বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন। কলেজজীবনেই সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পর্যায়ক্রমে বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক, কলেজের অশ্বিনী কুমার হলের সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহসভাপতি এবং ইকবাল হল ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন।

১৯৬৮-৬৯ এর উত্তাল সময়ে তোফায়েল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি। সে হিসেবে তিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি ছিলেন ছাত্রসমাজের নেতৃত্বের ভূমিকায়। প্রবল গণআন্দোলনে পাকিস্তান সরকার ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। ওই বছর ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক জনসভার আয়োজন করে। লাখো জনতার সেই সমাবেশে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। আর সেই উপাধি ঘোষণা করেন তোফায়েল আহমেদ। একই বছর (১৯৬৯ সাল) ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।

১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ভোলার দৌলত খাঁ-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ করেন তাকে। ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ঘোষণার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ‘রাষ্ট্রপতির বিশেষ সহকারী’ নিযুক্ত হন তোফায়েল আহমেদ। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন, ৯৫-৯৬ সালের ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার’ প্রতিষ্ঠার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

স্বাধীন বাংলাদেশে ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। সর্বশেষ তিনি ভোলা-১ আসনের এমপি ছিলেন। ১৯৯৬ এবং ২০১৪ সালে শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে পরে সভাপতিমণ্ডলীর সদস্য হন তোফায়েল আহমেদ। বর্তমানে তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা