প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ২২:৪৭ পিএম
ফাইল ছবি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অবসরে যাওয়া দুই সিনিয়র সচিব হলেন- মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। এ ছাড়া অবসরে পাঠানো ৭ সচিব হলেন- মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়ার প্রয়োজন বলে বিবেচনা করেছে। আদেশগুলো রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা হয় এবং অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসর প্রদান করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।