প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ২০:৪৬ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ২০:৪৯ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) যাত্রীসেবা চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজকে (শনিবার) রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব।
শনিবার (১৮ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে এসব কথা বলেন তিনি। এদিন বিকাল সোয়া ৫টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আসেন উপদেষ্টা।
শেখ বশির উদ্দিন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করা। বিমানবন্দরের চলমান কার্যক্রমকে কীভাবে আমরা চলমান রাখব, সে ব্যাপারে পদ্ধতিগতভাবে সবাই এখনই বসছি, বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।
তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের দরকার সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাইছি। যেন আল্লাহতালা আমাদের এই কাজকে সহজ করে দেন। আমরা পুনরায় যত দ্রুত সম্ভব এয়ারপোর্টকে চালু করব।
বিমান উপদেষ্টা বলেন, আমদানি কার্গোতে শুধুমাত্র দুর্ঘটনাটা ঘটেছে। রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। যখন ইনভেস্টিগেশন করব আপনাদের তথ্য আমলে নেব। আমাদের কাছে জরুরি হচ্ছে এয়ারপোর্ট চালু করা। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। ক্ষতি নিরূপণ করা এবং সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে তদন্ত করা।
শেখ বশির উদ্দিন বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের ফায়ার ব্রিগেডের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনও যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি। আশা করি, আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া চাই।