× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনীতিকদের প্রতিক্রিয়া

জুলাই সনদ স্বাক্ষর স্মরণীয় ঘটনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ

মজুমদার ইমরান

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১০:৪৯ এএম

জুলাই সনদ স্বাক্ষর স্মরণীয় ঘটনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ

জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষরের ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে একটি স্মরণীয় ঘটনা হিসেবে অভিহিত করে রাজনীতিবিদরা তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) এ সনদে স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিবিদরা এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জনপ্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রে এটি পথ দেখাবে

‘জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হলো’Ñ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গতকাল শুক্রবার এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে জাতির জন্য একটি স্মরণীয় ঘটনা। অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনগুলো দীর্ঘ আট মাস ধরে পরিশ্রম করে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এ সনদও থাকবে।’ জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় জুলাই সনদ-২০২৫ স্বাক্ষরিত হলো। এটা একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগ, রক্তদানের মধ্য দিয়ে এই জাতির যে আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশার প্রকাশ ঘটেছেÑ তা বাস্তবায়নের ক্ষেত্রে এটি পথ দেখাবে।’ 

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। সেই রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মিত হবে। রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যে দুয়েকটি দলের প্রতিনিধিদের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়নি, আশা করি তারাও ভবিষ্যতে করবেন।’ নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কীভাবে হবে সেটা সংবিধানে লেখা আছে। বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে আলোচনা হবে।’ জুলাই সনদ স্বাক্ষর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে গাদ্দারি

জুলাই সনদ স্বাক্ষরের পর এক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি।’ এ সনদের আইনি ভিত্তি দেওয়ার আগেই জামায়াত স্বাক্ষর করল কেনÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতদিন যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত; এজন্য আমরা স্বাক্ষর করেছি।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে।’

প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আশা করি উনিও উনার কথা ঠিক রাখবেন। বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে উনারা যেন কোনো ধরনের হেজিমনি (কর্তৃত্ব) তৈরি না করেনÑ সেটাই প্রত্যাশা করি।’

আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা শিশির মনির বলেন, ‘জুলাই যোদ্ধারা তিনটি দাবি উত্থাপন করেছে। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, কমিশনের সঙ্গে কথা বলেছি। কমিশন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। তাদের দাবি মেনে নিয়ে ইতোমধ্যে জুলাই সনদে পরিবর্তন করেছে। তাদের আর কোনো উদ্বেগ থাকার কথা নয়।’

সনদ স্বাক্ষরের দিন এমন ঘটনা কাঙ্ক্ষিত নয়

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কথা উল্লেখ করে বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার দিনে এ রকম ঘটনা বিব্রতকর ও লজ্জাজনক। ঐকমত্য কমিশনের সহসভাপতির ঘোষণার পরও যে পরিস্থিতি হয়েছে, তা অভ্যুত্থানের জন্য ভালো বার্তা না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা