প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৩:২৯ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫ ১৪:১৫ পিএম
ছবি সংগৃহীত
দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেন তারা।
বিকেল চারটায় এখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। জমকালো অনুষ্ঠানে সংলাপে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা। এ জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা।
‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিদের মূল দাবি দুটি। সেগুলো হলো- শহীদ পরিবার-জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন। এসব বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে।
জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না বাম ধারার চারটি দল। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।