প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৫:৪৬ পিএম
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসএসএফ) বাবদ মোট ৯ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৬৯ টাকার তিনটি চেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নিকট হস্তান্তর করেছে।
বুধবার (১৫ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর কাছে চেকগুলো হস্তান্তর করেন।
এ সময় সাবমেরিন ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও বিএসসিপিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসসিপিএলসির পক্ষ থেকে সাবমেরিন ক্যাবল লাইসেন্সের আওতায় ৩ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৮৭৮ টাকা, আইআইজি লাইসেন্সের আওতায় ২৮ লাখ ৭৯ হাজার ৯৭৭ টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে ৫ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ২১৪ টাকার তিনটি পৃথক চেক প্রদান করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত ও পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসসিপিএলসি দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সরকারকে রাজস্ব প্রদান ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে প্রতিষ্ঠানটি নিয়মিত অবদান রেখে আসছে।