প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ২০:০৪ পিএম
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিজিবির হেলিকপ্টারে করে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
গতকাল সোমবার বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শরীফুল ইসলাম জানান, গত রবিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হয়। আহত বিজিবি সদস্যকে তাৎক্ষণিকভাবে রামু সেনানিবাসস্থ সিএমএইচে প্রেরণ করে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। সোমবার বিকেলে আহত নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার নিমিত্তে বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ আনা হয়েছে।