প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১১:৩০ এএম
ছবি : সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদি শুয়াইবুর রহমান (৫৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ওই কয়েদিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে কারারক্ষীরা। রাত সোয়া দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুয়াইবুর রহমানের কয়েদি নম্বর ৭০১৭/এ। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট মিলিক এলাকার শমশের আলীর ছেলে।
কারারক্ষী মো. মারুফ হাসান জানান, রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুয়াইবুর কি মামলার আসামি ছিলেন এ বিষয়ে কর্তৃপক্ষ জানাবে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।