প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৯:০৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫ ১৯:০৬ পিএম
বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে ফয়েজ আহমদ তৈয়্যব।
আগের ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দণ্ডপ্রাপ্তদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সব মামলা বাতিল করে দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দিতে যাচ্ছে। সব মামলা বাতিল করে দায়মুক্তি দেওয়ার বিষয়টি নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।
এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানানো হয় এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রেস সচিব শফিকুল আলম জানান, দুর্বল ৫টি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এজন্য ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ফয়েজ আহমেদ তৈয়্যব আরও জানান, উপদেষ্টা পরিষদ ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এই অধ্যাদেশের লক্ষ্য হলো— ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সুরক্ষা, নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহারের নিশ্চয়তা দেওয়া। এতে ডিজিটাল অর্থনীতির বিকাশ ও তথ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।