প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ০৯:০০ এএম
ছবি: সংগৃহীত
‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’Ñ এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব ডাক দিবস’। ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতেই দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করছে। কেবল সেবা প্রদানে সীমাবদ্ধ না থেকে এটি স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ানস্টপ সেন্টার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ ডাক বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ডাক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। সকাল ১০টায় ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠান। বেলা সাড়ে ৩টায় ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।
কাল শুক্রবার সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব ডাক দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।
‘ডাক সেবার ঐতিহ্য ও আধুনিকায়নে ডাক সেবা আজ শুধু চিঠিপত্রের সীমাবদ্ধ নয়Ñ ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন পার্সেল, ই-কমার্স ডেলিভারি, পোস্টাল ব্যাংকিং ও সেবা সহজীকরণে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ দিবসটি ডাক বিভাগের কর্মীদের জনগণের সেবায় আরও নিবেদিত হতে এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবা সম্প্রসারণে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে’ বলেন জসীম উদ্দিন।