প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ২১:১২ পিএম
গোপালগঞ্জ থেকে পদ্মা পার হয়ে ঢাকার আমিনবাজার পর্যন্ত নবনির্মিত সঞ্চালন লাইন। ছবি : সংগৃহীত
আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। এই লাইন দিয়ে এখন সহজেই পায়রা ও রামপালের বিদ্যুৎ ঢাকায় সরবরাহ করা যাবে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা ৪০ মিনিটে লাইনটি সফলভাবে চালু করা হয় বলে পিজিসিবি কর্মকর্তারা জানান।
গোপালগঞ্জ গ্রিড সাবস্টেশন প্রান্ত থেকে ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে লাইনটি চালু করা হয়। গোপালগঞ্জ থেকে আমিনবাজার গ্রিড সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য ৮২ দশমিক ৫ কিলোমিটার, যার মধ্যে পদ্মা নদীতে ৭ দশমিক ৫ কিলোমিটার রিভারক্রসিং রয়েছে। গোপালগঞ্জ থেকে আমিনবাজার লাইনটিতে মোট ২২৬টি টাওয়ার রয়েছে। খরস্রোতা পদ্মা পাড়ি দেওয়ার জন্য নদীতে এবং নদীর দুই প্রান্ত মিলে মোট ১১টি টাওয়ার নির্মাণ করা হয়েছে।
শিগগিরই সব ধরনের কারিগরি প্রস্তুতি ও মূল্যায়ন শেষে এই লাইনে বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে বলে পিজিসিবি কর্মকর্তারা জানান।
গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেভি লাইনটি ঢাকাসহ খুলনা ও বরিশাল অঞ্চলের সাথে জাতীয় গ্রিডের সংযোগ শক্তিশালী করছে। এই লাইন না থাকায় পটুয়াখালীর পায়রা ও বাগেরহাটের রামপালের বিদ্যুৎ ঢাকা নেওয়া যেত বঙ্গবন্ধু সেতু পার হওয়া গ্রিড লাইন দিয়ে, যা সহজ ছিল না।