প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২০ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম
ইনসেটে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মুখর হয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সাকিবের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে তার রাজনৈতিক অবস্থান, অতীত কর্মকাণ্ড ও বিতর্কিত ঘটনাগুলো নিয়ে কঠোর সমালোচনা করেন।
আসিফ মাহমুদ লিখেছেন, “ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের সমর্থন করা ছাড়াও শেয়ার বাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং ও ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান। Face it।”
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও তার ক্যারিয়ারে বিতর্কের কমতি নেই। আইসিসির নিষেধাজ্ঞা, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন, বিজ্ঞাপন বিতর্ক, শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ—সব মিলিয়ে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়েও সাকিবকে ঘিরে নানা আলোচনা চলছে। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এবং নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে থাকে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কারও নাম উল্লেখ না করে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সাকিব আল হাসান। তাদের এমন ওপেন-সিক্রেট বক্তব্যে তোলপাড় নেটদুনিয়া।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই ফেসবুক পোস্টের পর আবারও ক্রিকেটপ্রেমী এবং সাধারণ মানুষের মধ্যে সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা ও নৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।