প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০২ পিএম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দুই মাস যাবত ভাবনায় আছি কখন নেমে যাবো! বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে আমাদের পদত্যাগ করার দাবি জানানো হচ্ছে। এজন্য অনেকটা ভাবনায় আছি কখন গদি ছেড়ে দিতে হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
সিজিএসের সভাপতি মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক গণমাধ্যম কমিশনের প্রধান কামাল আহমেদ।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এক মাস যাবত গুঞ্জন চলছে ছাত্র উপদেষ্টারা নেমে যাবে। এজন্য আমাদের গত এক মাস কাজ শ্লো গিয়েছিল। মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের বেতনভাতা বিষয়টি শ্রম আইনের মধ্যে মজুরিটি ঠিক করতে হবে। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও জামায়াতের কারণে দ্বন্দ্বের কারণে অনেক কাজে বাধার মুখে পড়তে হয়েছে।
কামাল আহমেদ বলেন, কমিশন রিপোর্ট জমা দেওয়ার ৬ মাস ৩ দিন পর সরকার গণমাধ্যমের মালিকদের ডেকে প্রকাশ করেছে। এত দেরি কেন হলো। তিনি বলেন, আইন তৈরিতে জনমতামতের দরকার হলে সেটি ওয়েবসাইটে দিতে বলা হয়েছিল। আমলারা চায় না তাদের ক্ষমতা খর্ব হোক। ফলে নানা কারণে কাজ করতে দেওয়া হচ্ছে না।
কমিশনের পরামর্শ অনুযায়ী কতটা সংস্কার হয়েছে প্রশ্নের জবাবে তিনি বলেন, এক শতাংশ সংস্কারও হয়নি।