× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপত্তায় গুরুত্ব পাচ্ছে গুজব

শাহরিয়ার জামান দীপ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২ পিএম

নিরাপত্তায় গুরুত্ব পাচ্ছে গুজব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে। দুর্গাপূজা ঘিরে এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও কাজ করবেন। দুর্গোৎসব চলার সময়ে গুজব ছড়িয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে ‘তাৎক্ষণিক অ্যাকশন’ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ও র‌্যাব। 

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের চার মাস আগে দুর্গাপূজা হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন সরকারের সময় গুজব ছড়িয়ে পূজামণ্ডপে হামলার ঘটনা এখনও তাদের মনে দাগ কাটে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে দুর্গাপূজা শেষ করতে বদ্ধপরিকর। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ সজাগ। ইতোমধ্যেই দুর্গাপূজাকে কেন্দ্র যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহল দল ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে যা যা করণীয় তার সবকিছুই প্রস্তুত। কেউ যাতে উস্কানি বা গুজব ছড়িয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেদিকে কড়া নজরদারি চলছে। গুজব ছড়ালে মুহূর্তেই গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে, সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও কাজ করবেন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা। পাশাপাশি পূজা উদযাপন কমিটিগুলোকে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পূজা সামনে রেখে খারাপ কোনো কিছু যাতে না ঘটে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় সাতজন স্বেচ্ছাসেবী, আটজন আনসার সদস্য ছাড়াও পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন।’ 

দেশে এবার ৩১ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ সাত হাজার ৫৪টি। ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংখ্যা ১০ হাজার ৯৭২টি। আর ঝুঁকি নেই ১৩ হাজার ৫৫০টি মণ্ডপে। অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপের মধ্যে মেট্রোপলিটন এলাকাগুলোয় আছে ৩৯৬টি। রেঞ্জ এলাকায় আছে ছয় হাজার ৬৫৮টি। 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি থানা ও প্যাট্রল টিম কাজ করবে। কোনো অপচেষ্টা সফল হবে না। পাশাপাশি গুজব প্রতিরোধে ডিবির সাইবার ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, দেশের সীমান্তবর্তী ৩২ জেলায় পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বিজিবির সদস্যরা। পাশাপাশি পূজা ঘিরে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল, রেকি ও মোবাইল প্যাট্রল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতাসহ যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তবে সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অশুভ চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে প্রতিমা ভাঙচুরের মাধ্যমে অনৈতিক প্ররোচনা সৃষ্টি করছে। গত কয়েকদিনে কুষ্টিয়া, গাজীপুর ও নেত্রকোনায় প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে, যেটি উদ্বেগজনক। এ কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিকে আহত করে না; বরং সমাজের নৈতিক ও সাংস্কৃতিক সংহতিও ক্ষতি করে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, পুরো পূজার সময় র‍্যাবের মোবাইল প্যাট্রল টিম প্রত্যেক পূজামণ্ডপের আশপাশে কাভারেজে থাকবে। পূজা শেষ না হওয়া পর্যন্ত বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অন ডিউটিতে থাকবে। গত বছর এবং তার আগের বছরগুলোতে যেসব মণ্ডপে ছোট-বড় ঘটনা ঘটেছে তা মাথায় রেখে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে অতিরিক্ত জনবল দিয়ে সব সময় টহলে রাখা হবে। তিনি বলেন, কোথাও কোনো ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করলে দ্রুততম সময়ের মধ্যে র‍্যাবের সাইবার মনিটরিং টিম তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি র‍্যাব, আনসার, বিজিবি ও কোস্ট গার্ড মোতায়েন থাকবে। দুর্গাপূজা চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। এ ছাড়া সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও বম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।  তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা