নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২২ পিএম
র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে নানান নাশকতার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জে ২২৪ টি পূজা মন্ডপ রয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে নাশকতা না করতে পারে সে লক্ষ্যে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আমলাপাড়া এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমলাপাড়া পূজা মন্ডপটি খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে পাশে একটি মসজিদও রয়েছে। তারা অত্যন্ত সুন্দর ভাবে সম্প্রীতির সাথে কাজ করছে। আমাদের সব জায়গায় এই সম্প্রীতির নজির স্থাপন করতে হবে। আমরা যেন সুন্দর ভাবে এই ধর্মীয় উৎসবটি উদযাপন করতে পারি।
সাজ্জাদ হোসেন বলেন, ব্যক্তিগত ভাবে আমাদের সতর্ক থাকতে হবে। আমার জিনিস যেন কেউ চুরি করতে না পারে। পাশাপাশি আমাদের টহল দল থাকবে, লোক থাকবে। আমরা ব্যবস্থা নেবো। পাশাপাশি নিজেদেরও সতর্ক থাকতে হবে। র্যাব-১১ সাতটি জেলা নিয়ে কাজ করে। নারায়ণগঞ্জের জন্য আমাদের দুটি প্লাটুন রয়েছে। পূজাকে ঘিরে আমাদের কোন শঙ্কা নেই। তবে এটা উড়িয়ে দেয়াও যায় না, কখন কী ঘটে। তবে এখন পর্যন্ত পরিবেশ খুবই ভাল আছে।