প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:০১ পিএম
সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।
বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, আজই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার সারসংক্ষেপ অনুমোদন করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নতুন সচিব নিয়োগ না দেওয়া পর্যন্ত আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুটিন দায়িত্ব পালন করবেন। তবে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা নতুন সচিব নিয়োগ দেবেন বলে জানা গেছে।
ড. মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের অবমূল্যায়ন করা হয়।
এ ছাড়া সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রশাসনের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তাদের একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় ড. মোখলেস উর রহমানের দায়িত্বকালীন সময়ে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ আরও বাড়তে থাকে।
প্রশাসনে চলমান অস্থিরতা নিরসনে নতুন সচিব নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দায়িত্বশীলরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থিতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনা এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ।