প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৭ এএম
ফাইল ফটো
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে শনিবার মধ্যরাত থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। যদিও এখনো রাস্তায় পানি জমেনি, তবে ভোর থেকেই যান চলাচলে ধীরগতি দেখা দেয়। উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি এলাকার সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।