প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫০ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৫ পিএম
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ও প্রধান উপদেষ্টা।
বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নিয়োগকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়া নেপালের জনগণের আপনার প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে আপনার নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হবে।”
তিনি আরও বলেন, “আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরও জোরদার করার জন্য আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।”

এ ছাড়া তিনি নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর সময় প্রাণহানির ঘটনায় আন্তরিক সমবেদনা জানান এবং আহত সকলের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেন।
বার্তায় প্রধান উপদেষ্টা সুশীলা কার্কির সুস্বাস্থ্য, সাফল্য এবং নেপালের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।