× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ: দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার ফের বৈঠক

দীপক দেব

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২১ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পক্ষ থেকে উঠে আসা অভিমত ও পরামর্শগুলো নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের সামনে প্রস্তাবগুলো তুলে ধরার পাশাপাশি তাদের মতামত নিয়ে সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন। এজন্য এই পর্যন্ত বিশেষজ্ঞদের পক্ষ থেকে উঠে আসা সব প্রস্তাবই রেখে তা দলগুলোর সামনে তুলে ধরে তাদের মতামত চাওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত রোববার বিশেষজ্ঞদের থেকে পাওয়া মতামত ও পরামর্শ নিয়ে সোমবার নিজেদের মধ্যে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। সেখানে বিশেষজ্ঞদের থেকে উঠে আসা পরামর্শগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর বসা হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হলেও সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ না করে সরকারের কাছে সুপারিশ করতে চাচ্ছে না কমিশন। এজন্য বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই সনদের খসড়া চূড়ান্ত করার জন্য এর আগে দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে কমিশন।

গত রোববার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বিস্তারিত আলোচনায় সনদের সাংবিধানিক বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের সময়ে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাকি বিষয়গুলো তারা নির্বাহী আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। এ ছাড়া গণভোট নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হলেও বর্তমান বাস্তবতায় তা সম্ভব না বলেও মতামত উঠে আসে ওই দিনের আলোচনায়। বিশেষজ্ঞদের পরামর্শে উঠে এসেছেÑ সংবিধানের ৭ অনুচ্ছেদ এবং জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারি করবেন, যা জারির সঙ্গে সঙ্গেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। শুধু সাংবিধানিক সংস্কারের জন্য রাষ্ট্রপতির আদেশ জারি হবে।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিশ্চিত করতে এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একাধিকবার বৈঠক করল কমিশন। প্রথমে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত এবং অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছিল তারা।

এ ছাড়া সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নিয়েছিল ঐকমত্য কমিশন। বিএনপি সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী সংসদ গঠনের দুই বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশকিছু দল আগামী জাতীয় নির্বাচনের আগেই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির প্রক্লেমেশন বা গণভোটের মাধ্যমে এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেয়।

কমিশনের সদস্য ড. মো. আইয়ুব মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের থেকে যেসব মতামত ও পরামর্শ উঠে এসেছে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই কমিশন সনদ চূড়ান্ত করাসহ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। এজন্য আমরা যত পরামর্শ ও প্রস্তাব উঠে এসেছে সব রেখেই দলগুলোর সঙ্গে আলোচনায় বসে তাদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছেÑ গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় সম্পর্কে প্রাপ্ত বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সভায় গত রোববারের সভায় বিশেষজ্ঞগণের পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতও বিশ্লেষণ করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন আনুষ্ঠানিকভাবে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা