শিক্ষাঙ্গন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ এএম
ছবি: সংগৃহীত
দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে বার্ষিক ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা করার কথা জানিয়েছে সরকার। গতকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
প্রাথমিকের ছুটি কমানো হচ্ছে কি না- জানতে চাইলে উপদেষ্টা জানান, ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা করছি। তবে সাপ্তাহিক ছুটি দুই দিনই থাকছে। এ ছুটি অন্যভাবে সমন্বয় করা হবে। এটি চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেব।
জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিকে বার্ষিক ছুটি মোট ৭৮ দিন, স্কুলের ৭৬ দিন এবং কলেজের বার্ষিক ছুটি ৭১ দিন। এর বাইরেও নানা কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় শিক্ষাকার্যক্রম। এতে শিখন ঘাটতি তৈরি হয়। আর এই শিখন ঘাটতি দূর করতে বার্ষিক ছুটি কমানোর চিন্তা করছে সরকার।
উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষক ছাত্রের সঙ্গে কতটুকু সময় দিতে পারছেন, সেটি আমাদের দেখতে হবে। মাত্র ১৮০ দিন স্কুল খোলা থাকছে। অপ্রয়োজনীয় ছুটি কমানো হতে পারে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ ছাড়া শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজ থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। এর আগে গত মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভায় ছুটি কমানোর বিষয়ে আলোচনা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) বেগম বদরুন নাহার সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।