প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০০ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৩ পিএম
ডিএসসিসিতে দুদকের অভিযান। ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংস্থার প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালাচ্ছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এই তথ্য জানান।
তিনি জানান, অভিযোগ অনুযায়ী সরকারি গাড়িগুলো বাস্তবে ব্যবহার না হলেও নথিতে দৈনিক জ্বালানি খরচ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে এবং পরে তা আত্মসাৎ করা হয়েছে।
এদিন দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে নগর ভবন টানা ৪০ দিন বন্ধ ছিল। অথচ ওই সময়ও ডিএসসিসির কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির তেলের দৈনিক খরচ ১৪–১৫ লিটার দেখানো হয়েছে। কর্মকর্তাদের অনেকে অফিসে না আসলেও নিয়মিত তেল খরচ দেখানোয় প্রশ্ন উঠেছে—তেলটি আসলে কোথায় ও কীভাবে ব্যবহার হলো।