প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩০ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৪ এএম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। মনোনয়নটি চূড়ান্ত হতে মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন।
ভার্জিনিয়ার বাসিন্দা ক্রিস্টেনসেন বর্তমানে সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কর্মজীবনের শুরুতে স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেন।
তার বহুমুখী কূটনৈতিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে— স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সে আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (২০১৬-২০১৯), হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া-প্যাসিফিক বিষয়ক উপ-কমিটিতে পিয়ারসন ফেলো (২০১৫-২০১৬), উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির সহকারী এবং এশিয়া-প্যাসিফিক ব্যুরোর সাইবার কো-অর্ডিনেটর।
এছাড়া তিনি ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও ভিয়েতনামের হো চি মিন সিটির মার্কিন মিশনগুলোতেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে দায়িত্ব শেষ করেন। এরপর থেকে কয়েকজন চার্জ ডি অ্যাফেয়ার্স দূতাবাস পরিচালনা করছেন। বর্তমানে লিসা জ্যাকবসন এ দায়িত্ব পালন করছেন।