প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৭ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:১১ এএম
ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ।
বান্দরবানের রুমায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ২৫ জুলাই ২০২৫ থেকে ২৬ আগস্ট পর্যন্ত টানা একমাস বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএ) একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ছাড়াও, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২২ সালে রুমায় কেএনএফের অস্তিত্ব প্রকাশ্যে আসে। বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রোদের নিয়ে এ সংগঠন গঠন করার কথা বলা হলেও সেখানে বম জনগোষ্ঠীর কিছু লোক রয়েছে।