প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪ পিএম
প্রবা ফটো
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাতে সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একই সঙ্গে বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান। ২৮ আগস্ট রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, সফরে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং সামরিক খাতে অভিজ্ঞতা বিনিময়সহ নানা বিষয় আলোচনায় উঠে আসে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২২ আগস্ট সেনাপ্রধানকে পিএলএ সদরদপ্তরে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরদিন তিনি নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামরিক শিল্প উন্নয়ন ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।