প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৬ এএম
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন ওসমানী।
১৯৭১ সালের ১১ এপ্রিল, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর অবকাঠামো গঠনের বিষয়ে উল্লেখ করেন এবং এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। একই বছরের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকার ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব প্রদান করে। তার পরিকল্পনায় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়।
১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করলে বাংলাদেশ স্বাধীন হয়। পরবর্তীতে ২৬ ডিসেম্বর ওসমানীকে জেনারেল পদে উন্নীত করে নবগঠিত দেশের প্রথম সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯৭২ সালের ১২ এপ্রিল অবসর গ্রহণ করেন। পরবর্তীতে মন্ত্রিসভায় যোগ দিয়ে অভ্যন্তরীণ নৌযোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তবে ১৯৭৫ সালে বাকশাল গঠনের প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ সিলেটে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালেই ওসমানীর কবরে ফাতেহাপাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং রচনা প্রতিযোগিতা।