প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১২:৪৪ পিএম
ফাইল ফটো
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই-সৃষ্ট অডিও ছড়িয়ে পড়েছে। প্রচারিত ২৫ সেকেন্ডের ওই অডিও ক্লিপে তাকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিষয়ে এক অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, অডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বা অন্য কোনোভাবে বিকৃত কণ্ঠ ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে। সচেতন নাগরিকরা সহজেই বুঝতে পারবেন যে এটি আসল কণ্ঠ নয়।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়ানো ২৫ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে ভিপি নুরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথিত নির্দেশনা দিচ্ছেন বলে দাবি করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও জনমনে ভুল বার্তা ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এতে সমাজে গুজবের সৃষ্টি হচ্ছে এবং জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।
মন্ত্রণালয় ভুয়া অডিও তৈরি ও প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।