প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১২:৫৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ১৬:১৫ পিএম
লতিফ সিদ্দিকী আটক। ছবি: সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, লতিফ সিদ্দিকী আসার পরপরই ২০-২৫ জন যুবক এসে হৈ-চৈ শুরু করে এবং অংশগ্রহণকারীদের ঘিরে ফেলে। তবে শারীরিক আঘাতের ঘটনা ঘটেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ডিএমপির এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।
শাহবাগ থানার এসআই রাশেদ বলেন, ‘তাদের থানায় নেওয়া হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।’
জানা গেছে, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে একটি দল অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করে রাখে। উত্তেজনার একপর্যায়ে মিলনায়তনের একটি টেবিল ভাঙচুর হয়।
এর আগে, গত ৫ আগস্ট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ‘মঞ্চ ৭১’ আত্মপ্রকাশের ঘোষণা দেয়। প্ল্যাটফর্মটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর প্রতীক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।