× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী প্রস্তুতি

মাঠ প্রশাসনে বড় রদবদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ০৯:১৮ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদল শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

গতকাল সোমবার (২৫ আগস্ট) দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এসব নিয়োগ, বদলি ও পদায়নের বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ছয় জেলায় নতুন ডিসি

সাধারণত জেলা প্রশাসক পদে অভিজ্ঞ ও মেধাবী কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। এবারের রদবদলে মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনে এবং মাঠ প্রশাসন থেকে অন্য জেলায় বদলির মাধ্যমে একটি ভারসাম্য আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ রদবদলের মাধ্যমে কিছু জেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক গতিশীলতা আরও বাড়বে। বিশেষ করে খাতভিত্তিক প্রকল্প ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন জেলা প্রশাসকদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ৬ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। পাশের জেলা মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মেহেরপুরে নতুন ডিসি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে। এ ছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১৮ অতিরিক্ত আইজিপি বদল

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ (প্রশাসন) নিয়মিত ও সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া ১৮ জনের দায়িত্ব নতুনভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ টেলিকমের একেএম আওলাদ হোসেনকে সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম রসুলকে এসবির পূর্ণ দায়িত্বে দেওয়া হয়েছে। একইভাবে সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা মো. আকরাম হোসেনকে সদর দপ্তরে নিয়মিত দায়িত্বে দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজকে সিএমপিতেই দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা গাজী জসিম উদ্দিনকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরে চলতি দায়িত্বে থাকা আবু নাছের খালেদকে সদর দপ্তরেই পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিমকে অ্যান্টিটেররিজম ইউনিটে (এটিইউ) পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে চলতি দায়িত্বে থাকা খোন্দকার রফিকুল ইসলাম ও মোসলেহ উদ্দিন আহমদকে সদর দপ্তরেই পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পিবিআইয়ে চলতি দায়িত্বে থাকা মো. মোস্তফা কামালকে একই জায়গায় পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) চলতি দায়িত্বে থাকা মো. ছিবগাত উল্লাহকে একই স্থানে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণ দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মো. আলী হোসেন ফকির। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া পুলিশ হাসপাতালের সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এসবিতে থাকা সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমানকে এসবিতে, ডিএমপিতে থাকা সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. সরওয়ারকে ডিএমপিতে, সদর দপ্তরে থাকা সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. ফজুলল করিমকে একই স্থানে, সদর দপ্তরে থাকা সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. রোজাউল করিমকে পুলিশ টেলিকমে এবং সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে চট্টগ্রাম রেঞ্জেই পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বে ১২ ডিআইজি

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. জিল্লুর রহমানকে ডিএমপিতে, ডিএমপির ফারুক আহমেদকে র‌্যাবে, হাইওয়ে পুলিশের মো. শফিকুল ইসলামকে ডিএমপিতে, রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে রেলওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশের মো. মাহবুবুর রহমান ভূঁইয়াকে খুলনার পুলিশ ট্রেনিং কলেজে (পিটিসি), রেলওয়ে পুলিশের শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে পিটিসি রংপুরে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পিটিসি খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে এসএমপির কমিশনার পদে, পুলিশের বিশেষ শাখার (এসবি) শামীমা বেগমকে সারদার পুলিশ একাডেমিতে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. সায়েদুর রহমানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও হাইওয়ে পুলিশের মো. আবুল কালাম আজাদকে পিবিআইতে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলীর পুলিশ একাডেমিতে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনা জেলায়, পিবিআইয়ের এসপি মো. আসাদুজ্জামানকে বাগেরহাটে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক-এআইজি (এসপি) মো. মেনহাজুল আলমকে নরসিংদীতে, ডিএমপির উপকমিশনার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জে, ডিএমপির মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুরে, এসবির বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলামকে নড়াইলে এবং হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

৬ অতিরিক্ত ডিআইজি পদে রদবদল

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে সিআইডিতে, সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ স্টাফ কলেজে, আরআরএফ খুলনার কমান্ড্যান্ট নওরোজ হাসান তালুকদারকে রাজশাহী রেঞ্জে, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. হাতেম আলীকে আরআরএফ খুলনায়, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া এসবির মোহাম্মদ আশিকুর রহমানকে রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আবদুল আজিজকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বদলি করা হয়েছে।

বদলি হলেন আরও ৯ এসপি

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (এসপি) জান্নাত আফরোজকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর), জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস (এসপি) মো. দেলোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে। বরগুনা জেলার এসপি মো. ইব্রাহিম খলিলকে পুলিশ সদর দপ্তরে, বাগেরহাট জেলার এসপি মো. তৌহিদুল আরিফকে সিআইডিতে, নরসিংদী জেলার এসপি মো. আবদুল হান্নানকে বরিশাল মহানগর পুলিশে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডিতে এবং মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি), নাটোর জেলার এসপি মোহাম্মদ আমজাদ হোসাইনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা