প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২১:৫৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫ ২২:০২ পিএম
সৈয়দপুর বিমানবন্দরে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় পূর্ণাঙ্গ এ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রশিক্ষিত সদস্যরা অংশ নেন।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর Annex-17 Standard অনুযায়ী প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়া আয়োজন বাধ্যতামূলক। হাইজ্যাক, বোমা হামলাসহ নানাবিধ ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়।
দৃশ্যপটে দেখা গেছে, বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করে। নির্ধারিত সময় ১১টা ৪৫ মিনিটে ঢাকায় ফেরার আগে কন্ট্রোল টাওয়ারে আসে বোমা সংক্রান্ত একটি হুমকি ফোন। তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপক জরুরি অবস্থা ঘোষণা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অপারেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, এ ধরনের মহড়া কেবল দুর্বলতাগুলো শনাক্ত করতেই নয়, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি উল্লেখ করেন, মহড়ার সফলতা সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে যেকোনো অনভিপ্রেত ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। অংশীজনদের প্রস্তুতি ও দক্ষতা প্রত্যক্ষ করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, আজকের মহড়ায় যুক্ত প্রতিটি সংস্থা প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি সকলকে জাতীয় স্বার্থে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়াসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।