প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১০:১৩ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫ ১০:১৭ এএম
ফাইল ফটো
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি আংশিক রেইন বেল্ট। এটি আগামী ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি প্রভাব ফেলতে পারে।
সংস্থাটির তথ্যমতে— খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রেইন বেল্টটি সবচেয়ে সক্রিয় থাকবে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি প্রভাব পড়বে। রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে।
বিডব্লিউওটি সতর্ক করেছে, এর প্রভাবে দক্ষিণাঞ্চলের নিচু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িকভাবে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে (বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙ্গামাটি) পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ সময়ে দেশের আকাশ অনেকটা মেঘলা থাকবে, বিশেষ করে সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন অবস্থা বিরাজ করবে।
শুক্রবার (২২ আগস্ট): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৩ আগস্ট): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তিন বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (২৪ আগস্ট): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুরসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে এ সময় কোনো বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া প্রবাহিত হতে পারে।