× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়ন প্রকল্প

পিডি নিয়োগে পুল তৈরির কথা ভাবছে সরকার

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১০:১৯ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

২০২৪-২৫ অর্থবছরে সরকারের ১ হাজার ৪৫৪টি প্রকল্পের মধ্যে মোট ৬৬৮টি প্রকল্প পরিদর্শন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি। এসব প্রকল্পের মধ্যে ইন ডেপথ মনিটরিং বা নিবিড় পরিবীক্ষণের আওতায় রয়েছে ৫৫টি প্রকল্প। সরকারের এসব প্রকল্পে নানা রকম অব্যবস্থাপনার মধ্যে একদিকে যেমন রয়েছে ‘অযোগ্য প্রকল্প পরিচালক’ নিয়োগ অপরদিকে প্রকল্পের অসংগতি নিয়ে আইএমডির পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় প্রকল্পের অযাচিত ব্যয়, সময়ক্ষেপণ, পরামর্শক প্রতিষ্ঠানের ওপর অধিক মাত্রার নির্ভরশীলতা বাড়ছেই। তবে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের নিয়ে পিডি পুল তৈরি করে সেই পুল থেকেই প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ এসেছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির ব্যবস্থাপনায় ‘হাই লেভেল ডিজেমিনেশন ওয়ার্কশপ ইন কনটেমপোরারি ইস্যুজ ইন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইন বাংলাদেশ : এ পলিসিমেকিং পারসপেকটিভ’ শীর্ষক এক কর্মশালায় এসব বিষয় আলোচনা হয়। সভায় সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা মন্ত্রণালয় উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

সমস্যা ও সমাধান নিয়ে যে আলোচনা 

সমস্যার মধ্যে প্রকল্পে যথাযথ সম্ভাব্যতা যাচাই না করা, অংশীজনদের পরামর্শ না থাকা, ভৌত কাজের যথাযথ আর্কিটেকচারাল এবং ডিজাইন না থাকায় বাস্তবায়ন পর্যায়ে ভেরিয়েশনের উদ্ভব হওয়া, প্রকল্পের সঠিক লজিক্যাল ফ্রেমওয়ার্ক প্রণয়ন না করা, প্রকল্প প্রাক্কলনে যৌক্তিক ব্যয় নির্ধারণ করা, পরিবেশগত বিষয় ও প্রকল্পের মাস্টার প্ল্যান অনুসরণ না করা, পরামর্শ প্রতিষ্ঠানের ওপর অধিক মাত্রায় নির্ভরশীলতা, প্রকল্পের মেয়াদ নির্ধারণের ক্ষেত্রে যথাযথ মডেল ব্যবহার না করা, পিইসি বা ডিপিইসি সভায় আইএমইডির প্রতিনিধির মতামত যথাযথভাবে প্রতিফলিত না হওয়ার বিষয়গুলো উঠে এসেছে। এসব সমস্যা সমাধানের জন্য পরিপত্র অনুযায়ী দক্ষ ও নিরপেক্ষ বিশেষজ্ঞ দ্বারা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অংশীজন চিহ্নিত করে তাদের সঙ্গে পরামর্শ করা আবশ্যক করার সুপারিশ করা হয়েছে। 

প্রতিটি প্রকল্পে ইকোলজি বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া পিইসি সভায় আইএমইডির প্রতিনিধিদের উপস্থাপিত মতামতকে আমলে নেওয়ার জোর সুপারিশ করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে যেসব সমস্যা নিয়ে আলোচনা হয়

সভায় প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে সমস্যা চিহ্নিত করতে গিয়ে বলা হয়েছে, পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ না করা, একই ব্যক্তির একাধিক প্রকল্পের দায়িত্ব পালন, অভিজ্ঞ প্রকল্প পরিচালক নিয়োগ না করা এবং ঘন ঘন প্রকল্প পরিচালক বদলি করা যাবে না। প্রকল্পে ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি সার্ভিস শিফটিং সংক্রান্ত সমন্বয়হীনতার কথা উঠে এসেছে। প্রকল্পের ওয়ার্ক প্ল্যান এবং প্রকিউরমেন্ট প্ল্যান যথাযথভাবে প্রণয়ন ও সঠিকভাবে অনুসরণ এবং মনিটরিং না করা একটা বড় সমস্যা বলে উল্লেখ করা হয়েছে। 

এ ছাড়া প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই আইএমইডিতে এ সংক্রান্ত প্রস্তাব প্রেরণ অবশ্যক করার সুপারিশ করা হয়েছে। 

এদিকে প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে নিয়মিত এক্সটার্নাল অডিট নিশ্চিত করা, নিয়মিত উন্নয়ন সহযোগিতার কাছ থেকে সঠিক সময়ে সিদ্ধান্ত প্রাপ্তির বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের বিভাগ কর্তৃক ব্যবস্থা গ্রহণের ওপরে জোর দেওয়া হয়েছে। 

প্রকল্প বাস্তবায়ন-উত্তর পর্যায়ে সমস্যা ও সমাধান

বলা হয়েছে যথাসময় প্রকল্প সমাপ্তি প্রতিবেদন বা পিসিআর আইএমইডিতে দাখিল না করা একটা বড় সমস্যা। প্রকল্প সমাপ্তির তিন মাসের মধ্য আইএমইডিতে পিসিআর প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। 

ভবন নির্মাণের ক্ষেত্রে ওকুপেন্সি সার্টিফিকেট সংক্রান্ত ন্যাশনাল বিল্ডিং কোড মানতে হবে। মানা সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সমস্যা সমাধানে নির্মাণকারী সংস্থা প্রকল্প সমাপ্তির পর যানবাহন সরকারি নির্দেশনা অনুসরণ করে পরিবহনপুলে জমা দিতে হবে। 

সভায় বলা হয়, মূল্যায়নের ক্ষেত্রে কারিগরি সক্ষমতার অভাব এবং প্রকল্পে ব্যবহৃত উপকরণগুলোর গুণগতমান নিশ্চিত করতে আইএমইডির নিজস্ব পরীক্ষাগার থাকতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে ‘পিডি পুল’ গঠন করা এবং পুলভুক্ত কর্মকর্তাদের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ জরুরি। 

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেন, নিয়মকানুনগুলো সম্পর্কে সবাইকে জানানো হয়েছে, যার যতটুকু কনফিউশন বা সমস্যা ছিল সেগুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। উপদেষ্টাসহ কর্মশালায় অংশ নেওয়া সবাই তাদের মতামত দিয়েছেন। প্রকল্প ব্যবস্থাপনা আরও স্মুথ এবং স্মার্ট হোক আমরা সবাই এটা চেয়েছি। এজন্য এ বিষয়ে যেসব পয়েন্ট উঠেছে সেসব পয়েন্টের ওপর সবাই কথা বলেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা