প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ০৯:২৮ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫ ০৯:২৯ এএম
ফাইল ফটো
আগামী ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে স্থানভেদে ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে দেওয়া এক বিশেষ বার্তায় কেন্দ্র জানায়, বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে—
২০ থেকে ২২ আগস্ট: তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
২১ থেকে ২৪ আগস্ট: ফেনী, মুহুরী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল ও রহমতখালি খালের পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদীসংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
একই সময়ে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লোভাছড়া, জাদুকাটা ও ঝালুখালি নদীর পানি বেড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে।