প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৮:৩১ পিএম
জুলাই হত্যাকাণ্ডের সরাসরি আসামির জামিন পাওয়া উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৯ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ আগস্ট, মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীতে শহীদ ইমাম হাসান তাইমকে প্রথম গুলি করা যাত্রাবাড়ী থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর সাজ্জাদুজ্জামান ঢাকার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। জুলাই হত্যাকাণ্ডের সরাসরি আসামির এভাবে জামিন পাওয়া অত্যন্ত উদ্বেগজনক ও গভীর আশঙ্কার বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আসামির জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার করারও জোর দাবি জানাচ্ছে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এতে আরও বলা হয়, ২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে শুরু থেকেই পতিত, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগ তাদের পালিত প্রশাসন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে নির্মম গণহত্যা চালিয়েছিল, যাতে সহস্রাধিক আহত হওয়ার পাশাপাশি শহীদ হয়েছেন প্রায় ১৪ শ। অথচ এখনও পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত কারো মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নেই; বরং এরই মধ্যে জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের জামিন হওয়া জনমনে নতুন করে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। এর আগেও নানা সময়ে আমরা জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন হতে দেখেছি; যা হাজারও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
সংগঠনের নেতারা আরও বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানোত্তর অন্যতম প্রত্যাশা ছিল বিগত ফ্যাসিস্ট আমলের গুম-খুনের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত তা দৃশ্যমান করতে পারেনি; যা অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার পরিপন্থি এবং শহীদদের রক্তের প্রতি অবমাননা ও বিশ্বাসঘাতকতার শামিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি বিগত ফ্যাসিবাদী আমলের গুম-খুনসহ জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জামিনপ্রাপ্ত ও সকল পলাতক আসামিকে অতিদ্রুত গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছে।