প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৪:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' স্লোগানে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মানিক এভিনিউতে র্যালি করে করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। র্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে সংসদের পূর্ব গেট হয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের মেলায় এসে শেষ হয়। র্যালি শেষে মৎস মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। র্যালি শুরুর আগে ফরিদা আখতার বলেন, ৩৬ জেলার দেড় হাজার জেলে ও মৎস্যজীবী র্যালিতে লিতে অংশ নিয়েছেন। আমরা চাই দেশি মাছ বৃদ্ধি পাক। এতে আমাদের পুষ্টি পাওয়া নিশ্চিত হবে। মৎস্যজীবীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আপনারা কষ্ট করে মানুষের খাদ্য যোগান দিচ্ছেন। সরকার আপনাদের পাশে থাকবে।
র্যালিতে জাল, খড়াসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে অংশ নেন বিভিন্ন স্তরের ব্যক্তিরা। র্যালিতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন শরিয়াতপুরের শুক্কুর মাতাব্বর। তিনি জানান, এখন পদ্মায় বেশি মাছ পাওয়া যায় না। জেলেদের আয় রোজগার কমে গেছে।
র্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। এসময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, এই মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে। মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। মৎস্য মেলায় মৎস্য খাতে ব্যবহৃত উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনের জন্য মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)সহ ২২টি প্রতিষ্ঠান মোট ২৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে।
র্যালি ও মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, এডিজি জিয়া হায়দার, ফিশারিজ এসোসিয়েশনের সভাপতি ড. খালেদ কনক, ডিরেক্টর প্রশাসন শ ম রেজাউল করিম, ডিরেকটর ইনল্যান্ড মোতালেব, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।