প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১২:৩৩ পিএম
প্রবা ফটো
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার দেশের সব জলাশয় রক্ষা করার জন্য কাজ করে যাবে এবং মানুষের জন্য প্রয়োজনীয় আমিষ সরবরাহে অবদান রাখবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এ বছর মাছের বৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ‘অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগান বাস্তবায়নে দেশের মৎস্যজীবীরা অগ্রণী ভূমিকা পালন করছেন।
তিনি মৎস্যজীবীদের উদ্দেশ্যে আরও বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আপনারা কঠোর পরিশ্রম করছেন এবং মানুষের খাদ্য যোগান দিচ্ছেন। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে আপনাদের পাশে থাকবে।
র্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন।
এ সময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, এই মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে।
উল্লেখ্য, মৎস্য মেলায় মৎস্য খাতে ব্যবহৃত উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনের জন্য মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)সহ ২২টি প্রতিষ্ঠান ২৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে।
র্যালি ও মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ প্রমুখ।