প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ০০:২৭ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। রাত ১০টার আগেই সম্পন্ন হয়। বর্তমানে মোস্তফা সরয়ার ফারুকী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রয়েছেন। তাকে হাসপাতালে আরও দুদিন থাকতে হতে পারে। রবিবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন স্কয়ার হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইউসুফ সিদ্দিক।
এর আগে শনিবার কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় আনা হয়। ফারুকীর অসুস্থতার বিষয়ে শনিবার রাতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘অতিরিক্ত কাজের প্রেশারে ফারুকী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন এবং উপদেষ্টা এখন শঙ্কামুক্ত।’
তিশা পরে ফেসবুকে লেখেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’
এদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, উপদেষ্টার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিকালে বোর্ডের সভার পর পরবর্তী সিদ্ধান্ত হবে।