প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ০৮:৪১ এএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় আনা হয়। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি ‘আশঙ্কামুক্ত’।
শনিবার (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয় ফারুকীকে। তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ‘কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত কাজের চাপ ও শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়েছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’
শুক্রবার (১৫ আগস্ট) সরকারি সফরে কক্সবাজারে আসেন সংস্কৃতি উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন এবং কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তোলার বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেওয়ার কথা ছিল তার। তবে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হোটেলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব জানান, উপদেষ্টা বুকে ব্যথা অনুভব করছিলেন এবং উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। অবস্থা গুরুতর না হলেও সতর্কতার অংশ হিসেবে তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় কক্সবাজারে তার বাকি কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।