প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৬:৪৫ পিএম
সরকার না চাইলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নিবার্চন অনুষ্ঠানের যে ঘোষণা দেওয়া হয়েছে, সে সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি।’
শনিবার (১৬ আগস্ট) এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদিউল আলম বলেন, এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে। সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে ভোটাররা এবার নিঃসংকোচে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে।
তবে রাজনৈতিক দলগুলো ‘হুন্ডা-গুন্ডা’ বা ‘টাকার খেলায় মত্ত’ থাকলে ভালো নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে সকল অংশীজনের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য হলেও প্রার্থী, ভোটার, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সকল অংশীজনের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংস্কার ব্যতীত নির্বাচন হলে সে নির্বাচন বিতর্কিত হতে পারে।’
ছাত্র রাজনীতি বদিউল আলম বলেন, ‘লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য নয়। ছাত্ররা কোনো দলের লাঠিয়াল হবে, এটা হতে পারে না।’
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফল ‘জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে’ বলেও মনে করেন বদিউল আলম।
তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে পিআর ও আসনভিত্তিক উভয় পদ্ধতিরই সীমাবদ্ধতা রয়েছে। বর্তমান পদ্ধতিতে আসন ভিত্তিক নির্বাচনের মাধ্যমে নিম্নকক্ষ গঠন এবং আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে আলোচনা অব্যাহত আছে।’