প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৯:১৯ পিএম
গুলশানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাকে জড়িয়ে সে অভিযোগ অস্বীকার করেছেন উপদেষ্টা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে আসিফ মাহমুদ সাংবাদিকদের তিনি বলেছেন, অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
যিনি এই বক্তব্য দিয়েছেন, সেই জানে আলম অপুকে চিনলেও তার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন এই উপদেষ্টা।
তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদে থাকার সময় ২০২২ সালের তিনি জানে আলম অপুকে চিনতেন। ২০২৪ সালের ৫ অগাস্টের পর অপুর সাথে তার কোনো কথা হয়নি।
উপদেষ্টা বলেন, ‘এই ধরনের একটা ক্লেইম আসার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আজ দেখলাম, তার স্ত্রী পরিচয়ে এক নারী সংবাদ সম্মেলন করেছেন। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি কী ঘটনা। তবে তিনি (নারী) সেখানে দাবি করেছেন অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তা অত্যন্ত শঙ্কাজনক।’
ভিডিওতে জানে আলম বলেছেন, যেদিন সাবেক সংসদ সদস্যের বাসা থেকে তারা চাঁদার টাকা নিয়েছিলেন, সেদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে গুলশানের একটি জায়গায় তার সাক্ষাৎ হয়েছিল।
এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কি না সে বিষয়টি তার মনে নেই।
চাঁদাবাজির ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া হেলমেট পরা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য।’
চাঁদাবাজির ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই দাবি করে তিনি বলেন, ‘আমার মনে হয় না, এখনো কেউ এ রকম কোনো প্রমাণ দিতে পেরেছে আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে। যথেষ্ট রিলায়েবলও (বিশ্বাসযোগ্য) এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’