প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৫:৫৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ১৬:০১ পিএম
বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
যতীন সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বিকেল ৪টায় জেলার উদীচী কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে সেখান থেকে নিজ জেলা নেত্রকোনায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হবে।
জানা যায়, যতীন সরকার বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন।
১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়া গ্রামে যতীন সরকারের জন্ম। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন এই শিক্ষক মননশীল সাহিত্যচর্চার পাশাপাশি প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন, সাহিত্যের কাছে প্রত্যাশা এবং শিশুদের জন্য রচিত- গল্পে গল্পে ব্যাকরণ।
২০০২ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি নিজ জেলা নেত্রকোনায় ফিরে আসেন এবং সেখানেই সাহিত্যচর্চা চালিয়ে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।