প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৫:৩৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ১৫:৩৭ পিএম
ফাইল ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ইপি পেনশন উদ্বোধন অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের চিহ্নিত করা। তবে সমস্যা হচ্ছে আদালতের ‘স্টে অর্ডার’। মহিউদ্দিন খান আলমগীর তো ঋণখেলাপি অবস্থায় টানা পাঁচ বছর কাটিয়েছিলেন।
কালো টাকা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, কালো টাকা নিয়ন্ত্রণে দুটি দিক আছে—উৎস ও প্রক্রিয়া। উৎসটা আগের তুলনায় এখন অনেকটাই বন্ধ হয়েছে। আগে দেখা যেত ব্যাংকের মালিক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, পত্রিকার মালিক, এমনকি ফ্ল্যাটের মালিকও একজনই হতেন। এখন সেই পরিস্থিতি নেই, এখন মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সবসময় বলি অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনীতিবিদরা উৎসাহ দেন যে টাকা দিয়ে মনোনয়ন ও ভোট পাওয়া যাবে, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকেও কিছু করার সুযোগ থাকবে না।