ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৪:০৪ পিএম
ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি নিয়ে ভোগান্তি হয়, এটি শতভাগ সত্য। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে আমরা কাজ করে চলেছি। এজন্য অটোমেটিক ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে। সফটওয়্যার মানুষ পরিচালনা করে, এজন্য মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। দেশে বিরোধগুলোর মূল উৎস হচ্ছে ভূমি। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে, যাতে বিরোধ কমে আসে। ফেনীতে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকল্পটি বাস্তবায়নে ফেনী জেলার পাইলটিং কার্যক্রমের ইনসেপশন ওয়ার্কশপ বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি, বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, আলোচক ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
কর্মশালায় মতামত তুলে ধরেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, ফেনী আদালতের জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, সারাদেশে ভূমি সেবা প্রত্যাশীদের উন্নততর ও সুষম সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার (land.gov.bd) ডেভেলপ করা হয়েছে।