প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৫:৪৩ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে কুয়ালালামপুরের পুত্রজায়ায় নিজ বাসভবনে এ ভোজের আয়োজন করেন তিনি। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সদস্যরাও মধ্যহ্নভোজে যোগ দেন।
এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে স্কুলের শিক্ষার্থীরা তাকে অভিবাদন জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় কুয়ালালামপুরে এসে পৌঁছান।
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে আজ সকালে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে উভয় দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, শিক্ষা, পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।