ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৪:৩৭ পিএম
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা/ প্রবা ফটো
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধার করতে আমরা একটু উদ্যোগ নিয়েছি। একটি প্রাইজ ঘোষণা করেছি। হারানো অস্ত্র সন্ধান দিতে পারলে তাদের কত টাকা দিতে দেব এটা আমরা আলোচনা করে খুব দ্রুত মিডিয়াকে জানাবো। যে খবর দিতে পারবে সে পুরস্কার পাবে।
তিনি বলেন, এবার প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন সশস্ত্র আনসার সদস্য থাকবেন এবং প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় থাকবেন একজন সশস্ত্র আনসার সদস্য। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তায় বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যাতে কেন্দ্রের ভেতরে-বাইরে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষণিকভাবে নথিবদ্ধ ও পর্যবেক্ষণ করা যায়।
তিনি বলেন, নির্বাচনে কোনো অরাজকতা হতে দেব না। এমন একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই, যাতে জনগণ আমাদের প্রশংসা করে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে প্রায় ৭০০টির এখনো কোনো খোঁজ মেলেনি। এসব অস্ত্র উদ্ধারে জনগণের সহযোগিতা কামনা করেছে সরকার।