× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষ আমদানিকারক প্রাণ

মৌসুমে পচে টমেটো, তবু দেদার আমদানি হচ্ছে টমেটো পাউডার

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১০:২৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চলতি বছরের মার্চে দাম না পাওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার অনেক কৃষক ক্ষেতেই ফেলে দিয়েছিলেন টমেটো। এভাবে সারা দেশে নষ্ট হয় হাজার হাজার টন টমেটো। অথচ এই টমেটো প্রসেস করে পাউডার করা হলে লাভবান হতেন কৃষক। সাশ্রয় হতো টমেটো পাউডার আমদানিতে ব্যয়িত ডলার। 

কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে টমেটো পাউডার আমদানি হয় ১১ লাখ ৭৬ হাজার ৪১৫ কেজি। যার আমদানি মূল্য ছিল ৮ লাখ ৬ হাজার ৭২৫ ডলার। পাউডার করার মতো উদ্যোক্তা না থাকার কারণেই বিপুল পরিমাণ এই বিদেশি মুদ্রা চলে গেছে দেশের বাইরে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাংলাদেশে টমেটো পাউডার তৈরির সুযোগ আছে। এই খাতে উদ্যোক্তা তৈরি হলে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতো।’ 

তিনি আরও বলেন, শুধু ড্রাই আকারে নয়, এটিকে ফ্রোজেন বা অন্য কোনো উপায়েও প্রিজার্ভ করা যায়। প্রসেস ফুড হিসেবে বিদেশে রপ্তানি করলে প্রচুর বৈদেশিক মুদ্রাও উপার্জন করা সম্ভব। 

টমেটো শুকিয়ে এরপর সেগুলো মেশিনের সাহায্যে গুঁড়ো করলেই পাওয়া যায় পাউডার। স্যুপ, পাস্তা, সস, কাবাব, কাচ্চি, বিরিয়ানি বানাতে এটি ব্যবহার হয়। টমেটো পাউডার রপ্তানিতে শীর্ষ কয়েকটি দেশ হলোÑ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, স্পেন, দক্ষিণ কোরিয়া। এসব দেশের মধ্যে বাংলাদেশের আমদানিকারকরা ভারত, স্পেন থেকেই বেশি টমেটো পাউডার আমদানি করেন। 

পাউডার আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে টমেটো পাউডার আমদানি কিছুটা বেড়েছে। আগের বছর যেখানে দেশে টমেটো পাউডার আমদানি হয় ৮ লাখ ৪৪ হাজার ৭৬২ কেজি, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৪১৫ কেজি। এই হিসেবে সদ্যবিদায়ি অর্থবছরে টমেটো পাউডার আমদানি বেড়েছে প্রায় ৩ লাখ ৩১ হাজার ৬৫৩ কেজি; যা প্রায় ৩৯ শতাংশ। 

কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ২৯টি প্রতিষ্ঠান ১১ লাখ ৭৬ হাজার ৪১৫ কেজি টমেটো পাউডার আমদানি করেছে। এসব পাউডারের আমদানি মূল্য ছিল ৮ লাখ ৬ হাজার ৭২৫ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ৭২৫ টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসেবে)। এই ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি টমেটো পাউডার আমদানি করেছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছর ১ লাখ ৯১ হাজার ৬৫০ কেজি টমেটো পাউডার আমদানি করে। এরপরই রয়েছে আর আর করপোরেশন। আমদানি করেছে ১ লাখ ৫১ হাজার ৭৩ কেজি। 

এর আগের (২০২৩-২৪) অর্থবছরে ১৯টি প্রতিষ্ঠান টমেটো পাউডার আমদানি করেছে ৮ লাখ ৪৪ হাজার ৭৬২ কেজি। এসব পাউডারের আমদানি মূল্য ছিল ৭ লাখ ২৪ হাজার ১৬৭ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২০৭ টাকা। ওই বছরও সবচেয়ে বেশি টমেটো পাউডার আমদানি করে প্রাণ অ্যাগ্রো। প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছরে আমদানি করে ১ লাখ ৯১ হাজার ২১২ কেজি। এরপরই ওই অর্থবছর সবচেয়ে বেশি টমেটো পাউডার আমদানি করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি সে বছর আমদানি করে ১ লাখ ৫০ হাজার ৮০৮ কেজি পাউডার।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক নাসির উদ দৌলা বলেন, ‘টমেটো থেকে পাউডার তৈরি করতে পারলে আমাদের বিদেশ থেকে আমদানি করতে হবে না। একটি কনসেপ্ট পেপার তৈরি করতে আমি আমার অফিসারকে বলব। কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনসুর আলম খানের মতে, শুধু টমেটো না, আমাদের দেশে কৃষিপণ্যের ক্ষেত্রে মূল সমস্যা হলো পোস্ট হারভেস্ট সংরক্ষণ হয় না। প্রতি বছর দেশে উৎপাদিত সবজির প্রায় ৩০ শতাংশ মৌসুমে নষ্ট হয়। এটি শুধু হারভেস্ট-পরবর্তী সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। এটি নিয়ে এফএওর আগ্রহ ছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা