প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ২২:৪২ পিএম
রাজধানীতে প্রসাধনী, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের দুই দিনব্যাপী প্রদর্শনীর শুরু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘কসমেটিকা : পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’-এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক। প্রদর্শনীতে অংশ নিয়েছে ২৫টি বাংলাদেশি কোম্পানি ও ৫২টি বিদেশি কোম্পানি।
দুই দিনব্যাপী (শুক্র ও শনি) এই প্রদর্শনীতে রয়েছে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ।
প্রধান অতিথির বক্তব্যে পার্ক ইয়ংশিক বলেন, কোরিয়া ২০২৪ সালে ১০ বিলিয়ন ডলারের প্রসাধনী পণ্য রপ্তানি করেছে। কসমেটিকস ও পারসোনাল কেয়ার অ্যান্ড হাইজিন পণ্যের বড় বাজার বাংলাদেশ। আমরা সব সময় বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার। এই খাতে কোরিয়া বিনিয়োগ করতে আগ্রহী। এই এক্সপো থেকে আমরা বাজার সম্পর্কে নতুন ধারণা পাব বলে প্রত্যাশা করছি।
প্রদর্শনীর প্রধান হিসেবে দায়িত্বরত কাজী মঞ্জুরুল হাসান আদিত্য প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশ্বের অন্যান্য দেশে প্রসাধনী পণ্যের ওপর প্রদর্শনী হলেও বাংলাদেশে এই আয়োজন এর আগে শুরু হয়নি। আমরা কয়েক বছর ধরে এমন একটি আয়োজনের চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হয়েছি।
দেশীয় প্রতিষ্ঠান ইনজেনাস রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এই প্রদর্শনী থেকে দেশে মানসম্মত পণ্য ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে নকল ও কালোবাজারি পণ্যের রোধে চ্যালেঞ্জ নিয়েও পারস্পারিক আলোচনা হবে।
প্রদর্শনীতে ঘুরতে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রতিবেদককে জানান, আয়োজনে এসে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রসাধনী কোম্পানির পণ্য সম্পর্কে জানতে পারছেন। এ ছাড়া এ বিষয়ের ওপর বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে পারছেন। এতে তার মতো অনেকে উপকৃত হবেন।
ভারতীয় প্রসাধনী ও সুগন্ধী উৎপাদক প্রতিষ্ঠান শচিরমর ব্যবস্থাপনা পরিচালক মনোজ অরোরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এমন প্রদর্শনীতে অংশ নিতে পেরে বেশ সন্তুষ্ট বোধ করছি। তিনি মনে করন, এতে উৎপাকদের সঙ্গে তাদের কারিগরি তথ্য আদান-প্রদানের একটি সেতুবন্ধন তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ স্কয়ার টয়লেট্রিজ লিমিডেটের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, এসিআই কনজিউমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. কামরুল হাসান, ইঞ্জিনিয়াস রিসোর্সেসের ফখরুল আলম, শচিরমর চেয়ারম্যান ও এমডি মনোজ আরোরা, ডিআইএএর প্রেসিডেন্ট একেএম আজাদ।
আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলোর লাইফস্টাইল অনলাইন হাল ফ্যাশন, মিডিয়া পার্টনার প্রতিদিনের বাংলাদেশ, লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস ও বাংলা টেলিগ্রাফ। বাংলাদেশে অবস্থিত কোরিয়ারন দূতাবাস, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কেওটিআরএ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইটিপি), থাইল্যান্ড আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে কিউট এবং প্লাটিনাম স্পন্সর ইঞ্জিনিয়াস রিসোর্সেস। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।