প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৬:৪২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫ ১৭:২৩ পিএম
উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন সরকারের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন যে ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।’
প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশে বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।’
আগামী নির্বাচন ছাড়াও প্রধান উপদেষ্টা আরও দুটি চলমান বিষয়ে গুরুত্বারোপ করেন—সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং চলমান বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা। শফিকুল আলম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রীয়াজ শিগগিরই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংস্কার কর্মসূচির হালনাগাদ তথ্য জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম চলমান বিচারসংক্রান্ত অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকবেন।
শফিকুল আলম জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষক মেহেরিন চৌধুরী শিক্ষার্থীদের বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।